মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতি হিসেবে প্রযুক্তি ভিত্তিক দক্ষতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণের সুফল পেয়েছে বাংলাদেশ। মানব উন্নয়ন সূচকে গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়েছে। সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৩৩।
দক্ষিণ এশীয় ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। তবে পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী আরও ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২০ সালের দ্য হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদনে এই সূচক প্রকাশ করা হয়। মানব উন্নয়ন সূচকে একটি দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার সামগ্রিক অবস্থা পরিমাপ করা হলেও ৩০তম বার্ষিকীতে দুটি বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে। এই দুটি হলো- কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা ও মোট ব্যবহৃত সম্পদের পরিমাণ।
অপরদিকে ৫০টির ও বেশি দেশ জীবাশ্ম জ্বালানির ওপর অধিক নির্ভরশীলতা ও প্রাকৃতিক সম্পদের ব্যাপক ব্যবহারের কারণে এ বছর রাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে সোমবার ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জির সভাপতিত্বে বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রতিবেদনের মোড়ক উন্মোচনের পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, জিইডি সামসুল আলাম, জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, নৃবিজ্ঞানী ড. সামিয়া হক, স্থপতি ও পরিবেশবিদ ইকবাল হাবিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সহিদুল হক।